২৩ নভেম্বর ২০১৫ - ১২:৪৬
তেহরান পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আবনা ডেস্ক : ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সম্মেলনে বক্তৃতা দেয়ার পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
১৮টি দেশ নিয়ে জিইসিএফ গঠিত। এর স্থায়ী সচিবালয় কাতারের রাজধানী দোহায় অবস্থিত। এসব দেশের হাতে বিশ্বের মোট গ্যাস সম্পদের শতকরা ৭০ ভাগ রয়েছে। এছাড়া, মোট উৎপাদিত গ্যাসের শতকরা ৪২ ভাগ উত্তোলন এসব দেশে।  
সংস্থার স্থায়ী সদস্য দেশগুলো হলো- আলজেরিয়া, বলিভিয়া, মিশর, গায়ানা, ইরান, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, রাশিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলা। এ ছাড়া, পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে ইরাক, কাজাখস্তান, নেদারল্যান্ড, নরওয়ে, ওমান এবং পেরু।#